দেশের তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের জেরে সৃষ্ট অস্থিরতা ও চলমান সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। এই সংকট থেকে উত্তরণে অবিলম্বে সরকারকে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছে দলটি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান খেলাফত মজলিসের আমীর মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও মহাসড়ক অবরোধের ফলে পাঁচ শতাধিক পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন মালিকপক্ষ। একরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না থাকা, জ্বালানির উচ্চমূল্য এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় শিল্পমালিকরা কঠিন সংকটের মুখে পড়েছেন। অন্যদিকে, বাড়িভাড়া বৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং যাতায়াত ও চিকিৎসা খরচের অতিরিক্ত চাপে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।
তারা আরও বলেন, এই উদ্বেগজনক পরিস্থিতিতে দ্রুত টেকসই সমাধান না আসলে কারখানাগুলো দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার মতো বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারকে দ্রুত মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি বোর্ডের কার্যক্রম শুরু করার আহ্বান জানান তারা। পাশাপাশি, এই অস্থিরতার পেছনে দেশি বা বিদেশি কোনো কুচক্রী মহলের ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।


























