নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামের গিলান্দর বিলে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত তিন দিন ধরে বিলে মরা মাছ ভেসে উঠছে। এতে প্রায় ১২ লাখ টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন লিজগ্রহীতারা।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ একর আয়তনের এই বিলটি গ্রামবাসীর কাছ থেকে চলতি বছর সর্বোচ্চ ২ লাখ ৫৫ হাজার টাকায় লিজ নেন আবু কাইয়ুম ভূইয়া। পরে ১৫ জন শেয়ারহোল্ডার মিলে বিলটিতে মাছের পোনা ছেড়ে পরিচর্যা করছিলেন। মাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় বিলের পাশে অপরিচিত এক ব্যক্তির ঘোরাঘুরি দেখতে পান পাহারাদার। এর পরদিন সকাল থেকেই বিলে মাছ মরে ভেসে উঠতে শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী শেয়ারহোল্ডাররা জানান, বিলে কীটনাশকের খোলা প্যাকেট ভাসতে দেখা গেছে। ঋণ করে এই ব্যবসায় বিনিয়োগ করেছিলেন তারা। শত্রুতাবশত কোনো কুচক্রী মহল এই জঘন্য কাজ করেছে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


























