বরিশালের গৌরনদীতে একটি পরিত্যক্ত জায়গা থেকে ককটেল সদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল আটটার দিকে গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার টরকী পানভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মাঝামাঝি একটি পরিত্যক্ত স্থানে স্থানীয়রা বস্তুগুলো দেখতে পান।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং চারপাশ রশি দিয়ে ঘিরে রাখেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপদ রাখতে ব্যবস্থা নেয়।
ওসি আরও নিশ্চিত করেন, উদ্ধার হওয়া ককটেল সদৃশ্য বস্তুগুলো নিষ্ক্রিয় করার জন্য ইতিমধ্যে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল পাঁচটা) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।


























