আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব। তিনি জানান, ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ সময় প্রার্থীদের জামানতের টাকা জমা দেওয়াসহ মনোনয়নপত্র দাখিলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক লেনদেন নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সচিব বলেন, “নমিনেশন পেপার সাবমিশনের সঙ্গে ব্যাংকের কিছু ট্রানজেকশন জড়িত থাকে। প্রার্থী বা তাঁদের এজেন্টরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন, সে জন্য শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি দেখভালের দায়িত্ব থাকবে বাংলাদেশ ব্যাংকের ওপর।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন দাখিল প্রক্রিয়াকে সহজ করতে নির্বাচন কমিশনের নেওয়া এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















