ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে প্রশংসিত হওয়ার পর এবার নিজের দেশ বাংলাদেশের দর্শকদের মাতাতে ঢাকায় আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীতপ্রযোজক সঞ্জয় দেব। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হওয়া ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পারফর্মার হিসেবে মঞ্চ মাতাবেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই শিল্পী।
এর আগে ফিফা বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’ পরিবেশন করে দারুণ খ্যাতি অর্জন করেন সঞ্জয়। ওই মঞ্চে রয়েল বেঙ্গল টাইগারের ছবি সংবলিত জ্যাকেট পরে নিজের বাংলাদেশি শেকড়ের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছিলেন তিনি।
নিজের দেশে পারফর্ম করার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করে সঞ্জয় দেব বলেন, ফিফা বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করার অনুভূতি যেমন বিশেষ ছিল, তেমনি নিজের দেশের মানুষের সামনে পারফর্ম করার অভিজ্ঞতা একদমই আলাদা। এই আয়োজনে অংশ নিতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান।
আয়োজক প্রতিষ্ঠান আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, সঞ্জয় বাংলাদেশের সঙ্গে নিজের শিকড়ের সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে সংগীত পরিবেশন করছেন। তাকে এই টুর্নামেন্টে আনতে পেরে আয়োজকরা আনন্দিত। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

























