বরিশালের গৌরনদী উপজেলায় গাছ কাটার সময় নিচে চাপা পড়ে আব্দুস সালাম তালুকদার (৪৫) নামের এক দিনমজুর শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সালাম পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের কলবাড়িয়া এলাকার মৃত হাসেন তালুকদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে বাসুদেবপাড়া গ্রামের মহর উদ্দিন হাওলাদারের বাড়িতে একটি আম গাছ কাটছিলেন শ্রমিক আব্দুস সালাম। গাছটি কাটার একপর্যায়ে দিক পরিবর্তন করে হেলে পড়ার সময় অসাবধানতাবসত তিনি গাছের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ কর্মকর্তা মিটুল কুমার ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ সুরতহাল করেন। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


























