ভোটের দিন যত ঘনিয়ে আসবে, জনমনের ভয় তত কমবে—প্রধান নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনের ওপর জনগণের হারানো আস্থা এবারের নির্বাচনের মধ্য দিয়েই পুনরুদ্ধার হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সিইসি।
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সাম্প্রতিক হাদি ইস্যু ঘিরে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা সময়ের সঙ্গে কেটে যাবে এবং ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন শতভাগ আশাবাদী।
রাজধানীতে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, মানুষের ভয় ও সংশয় তত কমবে। কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে—এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এবারের নির্বাচনের মধ্য দিয়েই নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার হবে বলে তারা আশা করছেন।
সিইসি জানান, দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হতে পারে। এই হাইব্রিড ভোটিং ব্যবস্থা নিয়ে কমিশন সন্তুষ্ট এবং নিবন্ধনের হার আগামী দিনগুলোতে আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহীদের জন্য নিবন্ধনের সময়সীমা প্রায় শেষের দিকে। যারা এখনো নিবন্ধন করেননি, তাদের দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
পোস্টাল ব্যালট বাস্তবায়নের পথে বিভিন্ন আন্তর্জাতিক ও কারিগরি চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন সিইসি। তিনি জানান, কানাডায় ডাক ধর্মঘট, মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিবন্ধন জটিলতা এবং একাধিক সাইবার আক্রমণের মতো পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করেছে কমিশন।
সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় গণমাধ্যমের দায়িত্বশীল ও সক্রিয় সহযোগিতাও কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার।
















