বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ার কারণে সারা দেশেই বিএনপি ও ছাত্রদলের দুর্দিনের বহু কাণ্ডারী ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে নাহিদ ইসলাম লেখেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুরোনো রাজনৈতিক কাঠামো অব্যাহত থাকলে সবাইকেই এর পরিণতি ভোগ করতে হবে। নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকারি দলের রাজনীতি করলেও এই ব্যবস্থা কাউকে নিরাপত্তা দিতে পারছে না।
তিনি আরও উল্লেখ করেন, তারা এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চান যেখানে দেশের প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে এবং পূর্ণ অধিকার ভোগ করবে। রাষ্ট্র যেন মুষ্টিমেয় মানুষের হাতে জিম্মি না হয় এবং স্বাধীন বিচারব্যবস্থা ও দলনিরপেক্ষ বাহিনী যেন ভাইরাল হওয়ার আগেই সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করে। একই সঙ্গে তিনি শাকিল হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।


























