যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তথ্যানুসন্ধান দলের কাছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মূল্যায়ন তুলে ধরেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সাংগঠনিক সম্পাদক নাভিদ নওরোজ শাহ এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ক্ষমতাসীন বিএনপির কার্যক্রমে কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী আচরণের লক্ষণ প্রকাশ পাচ্ছে। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে নেওয়া ওই সাক্ষাৎকার নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইউকে হোম অফিস।
প্রতিবেদনে দেওয়া বক্তব্যে এনসিপি নেতা বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর সামগ্রিক আইনশৃঙ্খলা ও মতপ্রকাশের ক্ষেত্রে কিছু ইতিবাচক অগ্রগতি হলেও তা কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। বিরোধী দলগুলো রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ পেলেও সরকারের সমালোচকদের গ্রেপ্তার এবং বিরোধী নেতাকর্মীদের ওপর স্থানীয় পর্যায়ে হামলার অভিযোগ করেন তিনি। এছাড়া ঝিনাইদহে দলের তিন কর্মীকে হয়রানিমূলকভাবে আটকের প্রসঙ্গও তিনি সাক্ষাৎকারে তুলে ধরেন।
সংস্কার কর্মসূচি প্রসঙ্গে নাভিদ নওরোজ শাহ অভিযোগ করেন, গণভোটে গৃহীত জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নে সরকার পর্যাপ্ত আগ্রহ দেখাচ্ছে না। বিচার বিভাগের জন্য পৃথক স্বাধীন সচিবালয় গঠনের নির্বাচনী প্রতিশ্রুতি থেকেও সরকার সরে এসেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোটকে কেবল সংস্কার এজেন্ডাভিত্তিক একটি কৌশলগত বোঝাপড়া হিসেবে বর্ণনা করেন তিনি।


























