কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল পাঞ্জাখানা এলাকায় স্কুলে আসার পথে ইজিবাইকের ধাক্কায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মাহিয়া রামকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা রামু-মরিচ্যা সড়ক অবরোধ করেন। এ সময় তারা সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেন।
ক্ষুব্ধ এলাকাবাসী জানান, সড়কে কোনো গতিরোধক (স্পিডব্রেকার) না থাকায় যানবাহনগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এর ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। এসব দাবি ও ক্ষোভ থেকেই স্থানীয়রা সড়ক অবরোধ করেন।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন।
এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।


























