মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী গ্রামে জামে মসজিদের কমিটি গঠন কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতটি ঘরে আগুন এবং ৪০টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত চলা এই সংঘর্ষের পর এলাকা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, তিন মাস আগে মোশাররফ ফকিরকে সভাপতি করে গঠিত কমিটির বিরোধিতা করে আসছেন একই এলাকার বাচ্চু মোড়ল। এই পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সকালে বাচ্চু মোড়লের সমর্থকেরা সশস্ত্র অবস্থায় প্রতিপক্ষের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় কয়েকটি ঘরে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


























