বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতা সংকোচন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং মেজর আখতারুজ্জামানসহ বিভিন্ন ব্যক্তির আটকের প্রতিবাদে যুক্তরাজ্যে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ও ইনকিলাব মঞ্চ ইউকে সংহতি প্রকাশ করে অংশ নেয়।
সভায় বক্তারা বর্তমান বিএনপি সরকারের রাষ্ট্র পরিচালনা পদ্ধতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্টভাবে উল্লেখ করেন, জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করা এবং মৌলিক অধিকার সমুন্নত রাখা যেকোনো নির্বাচিত সরকারেরই প্রধান সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। রাজনৈতিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে কোনো নাগরিক যাতে কোনো ধরনের হয়রানি বা অন্যায় গ্রেপ্তারের শিকার না হন, তা নিশ্চিত করার ওপর জোর দেন তারা।
জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষার কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার, প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার রক্ষা, বৈষম্যহীন সমাজ এবং জনগণের মর্যাদা প্রতিষ্ঠা করাই ছিল সেই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে সুশাসন, জবাবদিহি এবং আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমেই কেবল এসব প্রত্যাশা বাস্তবায়ন সম্ভব। কোনো রাজনৈতিক দল রাষ্ট্রক্ষমতায় আসলেও তারা জনগণের জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না বলে মন্তব্য করেন তারা।
প্রবাসীদের হয়রানির প্রসঙ্গটি সভায় বিশেষভাবে গুরুত্ব পায়। বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ও উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ যাতায়াতের সময় বিমানবন্দরে তাদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়, যা অত্যন্ত দুঃখজনক। প্রবাসীরা যেন দেশে আসার পর সম্মানজনক আচরণ ও যথাযথ সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। পরিশেষে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দাবি জানানো হয় সভা থেকে।


























