রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে মোট ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগ ও ওয়ারেন্টের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন, ওয়ারী বিভাগ থেকে ৯৪ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর বিভাগ থেকে ১৫০ জন, গুলশান বিভাগ থেকে ৬২ জন, উত্তরা বিভাগ থেকে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুইচ গিয়ার, একটি প্লায়ার্স, একটি এন্টি কাটার, একটি অবিস্ফোরিত ককটেল, একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, একটি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড জব্দ এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।


























