ঢাকা টেস্টে মাঠে নামার আগে বড় দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার এই চোট কেবল ব্যাটিং বিভাগকেই নয়, বরং উইকেটকিপিং অপশন নিয়েও টিম ম্যানেজমেন্টকে ভাবনায় ফেলেছে। এর আগে চোটের কারণে লিটন দাসের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলে চোট পান মুশফিক। মূল মাঠে হালকা গা গরম ও ফিল্ডিং অনুশীলনের পর বাকি ক্রিকেটারদের সঙ্গে একাডেমি মাঠে অনুশীলন করছিলেন তিনি। ওই সময় নেট বোলারের একটি বাউন্সার সরাসরি তার আঙুলে এসে লাগে। ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন এই অভিজ্ঞ ব্যাটার।
কিছুক্ষণ পর নেট ছেড়ে বেরিয়ে চেয়ারে বসে পড়েন মুশফিক। সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা চলে। দীর্ঘক্ষণ ব্যথায় তাকে কাতরাতেও দেখা যায়। আঘাত পাওয়ার পর আর ব্যাটিং করেননি তিনি। প্রায় বিশ মিনিট একাডেমি মাঠে শুশ্রুষা শেষে ডান হাতের তর্জনীতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। তবে তার আঘাতটি ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মুশফিকের চোটের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এখন পর্যন্ত বড় কোনো শঙ্কার কিছু নেই বলে জানান তিনি। শান্ত বলেন, ‘এখনও পর্যন্ত ঠিক আছে। তেমন কিছু শুনিনি যে ও খেলতে পারবে না।’ উল্লেখ্য, বুধবার থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ।

























