গাজীপুরে কর্মরত এক জাতীয় দৈনিকের প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, শারীরিক নির্যাতন, আপত্তিকর ভিডিও ধারণ এবং এক কোটি টাকা চাঁদা দাবির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদ সংগ্রহের কারণে একজন সাংবাদিককে অপহরণ ও অমানবিক নির্যাতন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর মারাত্মক হুমকি। এমন বর্বর কর্মকাণ্ড কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে উদ্ধারকৃত ব্যক্তিগত তথ্য বা ভিডিও যেন ইন্টারনেটে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


























