কিংবদন্তি সুফি গায়ক ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ইশক-এ-নুসরাত’। ব্যতিক্রমী এই কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।
আয়োজন সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে দেশের অন্যতম জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড ‘নাফস’। পাশাপাশি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে মনমুগ্ধকর সুফি নৃত্য পরিবেশন করবে ‘এইচইউ সুফি ট্রুপ’।
আগামী ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শকদের জন্য কেআইবি অডিটোরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়, যা চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের স্মৃতি ও সৃষ্টির প্রতি সম্মান জানিয়ে ভেন্যুতে থাকছে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। সেই সঙ্গে পুরো ভেন্যু সাজানো হচ্ছে ‘সুফি ভাইবস’ থিমে।
দর্শকদের সুবিধার কথা বিবেচনায় রেখে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা ও পরিবার নিয়ে উপভোগ করার মতো নিরাপদ পরিবেশ নিশ্চিতের প্রস্তুতি নেওয়া হয়েছে। আরামদায়ক ও অন্তরঙ্গ পরিবেশ বজায় রাখতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে।
এই কাওয়ালি সন্ধ্যার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা থেকে। এরই মধ্যে ‘টিকিফাই’ (Tickify) ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। সুফি সংগীতের অনুরাগী ও নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠানটি চমৎকার এক স্মৃতিময় সন্ধ্যায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।

























