দুর্নীতি, বেকারত্ব ও নিম্নমানের শিক্ষাব্যবস্থার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ার গ্যাস, জলকামান ও রবার বুলেট প্রয়োগ করেছে আলবেনিয়ার দাঙ্গা পুলিশ। রাজধানী তিরানায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করার পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি সংঘাতময় রূপ নেয়।
শিক্ষার্থীদের এই আন্দোলন দাবানলের মতো দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এডি রামায়ের অবিলম্বে পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবন, ব্যাংক ও দোকানে হামলা ও ভাঙচুর চালায়।
উপকূলীয় এলাকায় বিলাসবহুল আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিগত গ্রীষ্মে চলা শান্তিপূর্ণ প্রতিবাদের ধারাবাহিকতায় এই ছাত্র বিক্ষোভের সূত্রপাত ঘটে। এটি ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এডি রামায়ের রাজনৈতিক জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ক্ষুব্ধ আন্দোলনকারীরা জানান, তারা সরকার পরিবর্তনের দাবিতে রাজপথে নেমেছেন এবং বিদ্যমান শাসনব্যবস্থার অবসান চান।























