পারিবারিক বন্ধন, প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে কুমিল্লায় সোন্দ্রম গ্রামের অধিবাসীদের পারিবারিক মিলনমেলা ও স্মরণিকা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কোটবাড়ির বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে সোন্দ্রম চাকরিজীবী ও ব্যবসায়ী ফোরাম এই বর্ণাঢ্য আয়োজন করে। অনুষ্ঠানে মিলনমেলা উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকা ‘আলোকিত সোন্দ্রম’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে পারিবারিক মেলবন্ধন, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ভূমিকা অপরিসীম। কর্মব্যস্ততার মধ্যেও এমন আয়োজন সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং নতুন প্রজন্মের মাঝে পারিবারিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান। বক্তারা উল্লেখ করেন, দূরত্বের কারণে নিয়মিত যোগাযোগ না হলেও এ ধরনের উদ্যোগ সবাইকে এক সুতোয় বাঁধে এবং পুরোনো স্মৃতি রোমন্থনের পাশাপাশি আত্মিক সম্পর্ককে গভীর করে।
মিলনমেলার সভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এ কে এম লুৎফুর রহমান রিপন জানান, গ্রামের সর্বস্তরের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পারিবারিক সম্পর্ক আরও মজবুত করা এবং নিজস্ব ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই মিলনমেলার মূল উদ্দেশ্য।






















