উপ-উপাচার্যের পদত্যাগ ইস্যুতে উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সহিংস স্লোগানে নতুন বিতর্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘শিবির ধর, জবাই কর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে হাটহাজারী যুবদল নেতা জিএম সাইফুল ইসলামের বিরুদ্ধে। উপ-উপাচার্যের পদত্যাগ ঘিরে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সহিংস ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি ক্যাম্পাসে ‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর চবি ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নিয়ে ওই স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে ওইদিন ক্যাম্পাসে ছাত্রদল, বাম সংগঠন এবং ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। এরই ধারাবাহিকতায় জিরো পয়েন্ট এলাকায় সহিংস স্লোগান শোনা যায়।
এ বিষয়ে চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, “‘ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’—এই স্লোগান অতীতে ছাত্রলীগ দিত। আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর এসব স্লোগানের পুনরাবৃত্তি আর হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা আবার একই ভাষা ব্যবহার করছে।”
তিনি আরও অভিযোগ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের পুরোনো নেতাকর্মীদের ছাত্রদল-যুবদলের ভেতরে আশ্রয় দেওয়া হয়েছে এবং ক্যাম্পাস দখলের উদ্দেশ্যে আবারও সহিংস স্লোগানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এই ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে সহিংস স্লোগান ও বহিরাগত রাজনৈতিক তৎপরতা বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
















