ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্র গঠন এবং হজযাত্রার ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করতে একটি বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার এই দেশটিতে হজের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবিত ইন্দোনেশীয় হজ জাদুঘরে হজযাত্রার ইতিহাস প্রদর্শনের পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে ইসলামি পণ্ডিত, আলেম ও শিক্ষার্থীদের অবদান তুলে ধরা হবে। উপ-হজমন্ত্রী দাহনিল আনজার সিমাঞ্জুনতাক এক বিবৃতিতে জানান, ইন্দোনেশিয়ায় হজের ইতিহাস কেবল তীর্থযাত্রার মধ্যে সীমাবদ্ধ ছিল না; এর সঙ্গে রাষ্ট্র গঠন ও জ্ঞান বিনিময়ের ঐতিহ্য গভীরভাবে জড়িত।
জাদুঘর নির্মাণের আলোচনা এগিয়ে নিতে সম্প্রতি সংস্কৃতিমন্ত্রী ফাদলি জনের সঙ্গে বৈঠক করেন উপ-হজমন্ত্রী। দীর্ঘ ডাচ ঔপনিবেশিক শাসনামলে ইন্দোনেশিয়া থেকে নিয়ে যাওয়া বেশ কিছু ঐতিহাসিক নথি ও নিদর্শন এখনো নেদারল্যান্ডসের বিভিন্ন জাদুঘরে রয়েছে। নতুন এই জাদুঘরের মাধ্যমে সেসব ঐতিহাসিক উপাদান সংরক্ষণ ও প্রদর্শনের উদ্যোগ জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেছে দেশটি।
মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রস্তাবিত এই জাদুঘরে বিভিন্ন যুগের হজের বিবরণ, ছবি, ভ্রমণসংক্রান্ত নথি ও দুর্লভ নিদর্শন সংরক্ষণ করা হবে। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকার পাশাপাশি এটি হজের ইতিহাস ও গবেষণাচর্চার একটি বড় কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।























