যুক্তরাষ্ট্রে নবজাতকদের পছন্দের নামের তালিকায় মুসলিম জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত নামগুলোর উপস্থিতি ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত দুই দশকে দেশটিতে বিশেষ করে ‘মুহাম্মদ’ ও ‘মরিয়ম’ নামের পরিচিতি ও ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। গর্ভাবস্থা ও শিশুপালন বিষয়ক আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম বেবিসেন্টারের ২০২৬ সালের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
প্রকাশিত তথ্যমতে, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে নবজাতক ছেলেদের জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মদ’ ৩৬তম স্থানে অবস্থান করছে। ২০০৫ সালে যেখানে এর অবস্থান ছিল ২৫৮তম, সে হিসাব বিবেচনা করলে গত দুই দশকে এই নাম রাখার হার বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তবে আগের বছরগুলোর তুলনায় চলতি বছর নামটির অবস্থান কিছুটা নিচে নেমেছে। এর আগে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত মুহাম্মদ নামের পরিচিতি সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে দেখা যায়।
অন্যদিকে, মেয়ে শিশুদের ক্ষেত্রে ‘মরিয়ম’ নামের চাহিদাও দীর্ঘমেয়াদে ব্যাপক বেড়েছে। ২০১২ সালে তালিকাটির ৩১৩তম স্থানে থাকা মরিয়ম নাম ২০২৬ সালে এসে ১৫১তম স্থানে উঠে এসেছে। এ সময়ে প্রতি ১০ লাখ শিশুর মধ্যে নামটি রাখার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।
জনসংখ্যাবিষয়ক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে আসা অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং পারিবারিক পছন্দের পরিবর্তনের প্রভাবই এই পরিসংখ্যানে প্রতিফলিত হয়েছে। ২০০০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসিত মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসব জনপ্রিয় সামাজিক নামের ধারাবাহিক উপস্থিতিও দৃশ্যমান হচ্ছে।























