এক সপ্তাহ স্থগিত থাকার পর পাকিস্তান ও ইরানের মধ্যকার গাবদ-রিমদান সীমান্ত করিডর দিয়ে আবারও বাণিজ্যিক কার্যক্রম চালু হয়েছে। সীমান্ত উন্মুক্ত করে দেওয়ার পর আটকে থাকা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যবাহী ট্রাকগুলো চলাচল শুরু করেছে।
গওয়াদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর নাভিদ জান কালমাতি জানান, আমদানি-রপ্তানি ফের স্বাভাবিক হতে শুরু করায় দুই দেশের ব্যবসায়ীদের ভোগান্তি কমবে। এর ফলে পাকিস্তানে চলমান এলপিজি সংকট নিরসন এবং খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণেও সহায়ক হবে।
গত বৃহস্পতিবার সীমান্তের কাছাকাছি এলাকায় পণ্যবাহী গাড়িতে বন্দুকধারীদের হামলায় বেশ কয়েকটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং বাড়তি বাহিনী মোতায়েন করে সীমান্ত খুলে দেওয়া হয়। পাকিস্তান সরকারের নতুন নির্দেশনায় ১৬ অক্টোবর বা তার আগের চালান থাকা ট্রাকগুলোকে সীমান্ত অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছে।























