মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
গত ১৪ অক্টোবর ভাগ্যকুল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী এবং দারুল উলুম মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গত ১৭ অক্টোবর ভোরে কক্সবাজার থেকে উদ্ধার করা হয়। রোববারই তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া ছাত্রীরা পুলিশকে জানিয়েছে, পারিবারিক অশান্তি, মা-বাবার মনোমালিন্য এবং নানাবিধ মানসিক চাপ ও অবহেলার কারণে তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার সময় ওই তিন ছাত্রী তাদের মায়ের চিকিৎসার জন্য জমানো নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যায়।
পুলিশ আরও জানায়, নিখোঁজ ছাত্রীদের সঙ্গে রাঙামাটির এক ষোড়শ কিশোরের টিকটক ও ফ্রি ফায়ার গেমের মাধ্যমে পরিচয় হয়েছিল। এই সূত্র ধরে অভিযান চালিয়ে কক্সবাজারের গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করা হয়। জানা যায়, তারা এক অটোরিকশা চালকের সহায়তায় ২০ হাজার টাকায় তিন দিনের জন্য হোটেল কক্ষটি ভাড়া করেছিল। এ সময় তাদের সঙ্গে থাকা কিশোরকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সুপার মেনহাজুল আলম অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমের অপব্যবহারের বিষয়ে সতর্ক থাকার এবং শিক্ষার্থীদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করার পরামর্শ দিয়েছেন।






















