যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে চাইলে বড় ধরনের পদক্ষেপ কিংবা ফৌজদারি তদন্ত শুরু করার মতো তথ্য নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অতীতে তাদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া থেকে তিনি নিজেকে বিরত রেখেছিলেন। তবে সুযোগ পেলে এখনো তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। ট্রাম্পের ভাষ্য মতে, হিলারি ক্লিনটন ও বিল ক্লিনটনের বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা এড়িয়ে গেছেন। একইভাবে বারাক হুসেইন ওবামার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বড় ধরনের পদক্ষেপ বলতে কী বোঝাচ্ছেন জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ কিংবা তাদের সুনাম ক্ষুণ্ন করা যেতে পারে। তবে সাবেক এই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কী তথ্য রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু তিনি প্রকাশ করেননি। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপে জড়ালে আবারও অভিশংসনের মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। ফলে তাদের বিরুদ্ধে বাস্তব অর্থে কোনো ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।























