দক্ষিণ চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র কেরানিহাটে ব্যবসায়ী, হকার কিংবা পরিবহনসহ কোনো খাত থেকেই চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। তিনি জানান, সহায়-সম্বলহীন ও সাধারণ মানুষের জীবিকার এ স্থানে কেউ চাঁদাবাজির অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আয়োজিত উচ্ছেদ অভিযান-পরবর্তী এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেরানিহাটকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল বাণিজ্যিক এলাকায় পরিণত করার ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, অবৈধ স্থাপনা ও সড়ক দখলের কারণে দীর্ঘদিন ধরে যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
উচ্ছেদ অভিযানের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার তাগিদ দেন তিনি। কেরানিহাটের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও ব্যবসায়ী নেতাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






















