বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া (বি-স্ট্রং) প্রকল্পের কেনাকাটা, দরপত্র আহ্বান, ভুয়া বিল-ভাউচার তৈরি এবং সরকারি যানবাহনের অপব্যবহারসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে বাজারমূল্যের চেয়ে বেশি দামে সরঞ্জাম কেনা এবং স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, প্রকল্প কার্যালয়ের সুযোগ-সুবিধা এবং দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি উপজেলা পর্যায়ে কৃষকদের জন্য সরবরাহ করা কৃষি যন্ত্রপাতির নিম্নমানের বিষয়েও প্রশ্ন উঠেছে। এসব অনিয়মের বিষয়ে নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
তবে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, নিয়ম নীতি মেনেই দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টিতে নজর দেওয়ার কথা জানিয়ে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকল্প পর্যালোচনায় কোনো অসংগতি বা অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।






















