উচ্চারণ এবং হিন্দি ভাষায় ‘টান’ বা উচ্চারণগত ত্রুটি নিয়ে মাঝেমধ্যেই নানা কটাক্ষের মুখে পড়তে হয় জনপ্রিয় দক্ষিণ ভারতীয় ও বলিউড অভিনেত্রী রাশমিকা মানদানাকে। তবে এসব নেতিবাচক কথায় কান না দিয়ে নিজের কাজে সম্পূর্ণ মন দিতে চান তিনি। অপ্রয়োজনীয় কথাবার্তায় নজর না দিয়ে ভালো গল্পের কাজ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাই জানিয়েছেন এই তারকা।
তেলেগু, কন্নড়, তামিল ও হিন্দি—চার ভাষার সিনেমায় দক্ষতার সঙ্গে কাজ করে নিজের পরিধি বাড়িয়ে চলা রাশমিকা তার ভাষাজ্ঞান সম্পর্কে বলতে গিয়ে জানান যে, তিনি কোনো ভাষাতেই খুব একটা দক্ষ নন, তবে সব ভাষাতেই সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করার মতো বলতে পারেন। ভিন্ন ভাষার দর্শকের সঙ্গে তাদের নিজের ভাষায় কথা বলার চেষ্টা করাকে তিনি শুধুই ভাষা শেখা নয়, বরং দর্শকের প্রতি সম্মান প্রদর্শনের একটি মাধ্যম হিসেবে দেখেন।
কর্নাটকের কুর্গে জন্ম ও বেড়ে ওঠা রাশমিকার স্থানীয় ভাষার নিজস্ব বড় কোনো চলচ্চিত্রজগৎ না থাকলেও ভাষা কখনো তার অভিনয়জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি। ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে বড় পর্দায় পা রাখার পর ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর মতো ব্যবসাসফল ছবি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। পরবর্তীতে ২০২২ সালে ‘গুডবাই’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখে ‘অ্যানিমাল’, ‘ছাওয়া’ ও ‘সিকান্দার’-এর মতো বড় বাজেটের সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন।
সম্প্রতি তাকে দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। এদিকে পেশাগত জীবনের পাশাপাশি রাশমিকা ও তার স্বামী অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডার নতুন সিনেমা নিয়েও দর্শকদের মনে রয়েছে বাড়তি আগ্রহ। বিয়ের পর এই প্রথম তারা জুটি হয়ে পর্দায় ফিরতে চলায় ভক্তদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
























