যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যেই তাঁর আইন পেশা পরিচালনার লাইসেন্স থাকার প্রমাণ মেলেনি। এমন প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ার আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থার কাছে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে একটি অলাভজনক সংগঠন।
ওয়াশিংটনভিত্তিক সংগঠন ‘ক্যাম্পেইন ফর অ্যাকাউন্টেবিলিটি’-এর প্রধান মিশেল কুপারস্মিথ জানিয়েছেন, টেলিভিশন বিশ্লেষক এবং হোয়াইট হাউসের মুখপাত্র হিসেবে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে জাকারিয়া ভুয়া আইনজীবী পরিচয় ব্যবহার করেছেন। ক্যালিফোর্নিয়ায় যথাযথ লাইসেন্স ছাড়া আইনজীবী পরিচয় দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর প্রথম ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকারিয়া দাবি করেন, তিনি চীনে আইনজীবী হিসেবে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা দিয়েছিলেন। তবে চীনে কেবল দেশটির নাগরিকদের জন্যই সেই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। লাইসেন্সসংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে জাকারিয়া জানান, তিনি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইনের চর্চা করেন এবং এর জন্য প্রয়োজনীয় সব সনদ তাঁর রয়েছে।























