সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সামগ্রী মজুত রাখার দায়ে যুক্তরাজ্যের সাবেক সেনাসদস্য মার্ক ব্রডহার্স্টকে প্রায় চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ইংল্যান্ডের শেফিল্ড ক্রাউন কোর্ট এ রায় ঘোষণা করে।
আদালতের তথ্যমতে, ২৮ বছর বয়সী ব্রডহার্স্ট পূর্বে ব্রিটিশ সেনাবাহিনীতে রাঁধুনি হিসেবে নিয়োজিত ছিলেন। পুলিশের তদন্তে অনলাইনে তার উগ্র বর্ণবাদী বার্তা এবং ডানপন্থি গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র বিক্রির পরিকল্পনার প্রমাণ মেলে। পরবর্তীতে তার বাসা থেকে স্বনির্মিত অস্ত্র, বারুদ, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশ ও প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, ব্রডহার্স্ট উগ্র ডানপন্থি মনোভাবাপন্ন ছিলেন এবং উপাসনালয়ে হামলার পরিকল্পনাকারী একটি অনলাইন দলের সঙ্গে যুক্ত ছিলেন। বিস্ফোরক রাখার দায় স্বীকার করলেও সন্ত্রাসী উদ্দেশ্যের অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন, তবে বিচারক তার কর্মকাণ্ডে সন্ত্রাসের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে এ সাজা দেন।























