শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও নিরাপদ করতে দেশজুড়ে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৬ হাজার ৯১৪টি মণ্ডপের প্রতিটিতে আটজন করে এবং সাধারণ মণ্ডপগুলোতে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের জন্য গত বছরের মতো এবারও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে জানিয়ে মহাপরিচালক বলেন, অ্যাপটিতে ৬৬ হাজার সদস্য যুক্ত থাকবেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম তদারকিতে নিজস্ব মনিটরিং ব্যবস্থা রয়েছে এবং কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সদস্যদের আবাসন, খাবার ও লজিস্টিক সহায়তার চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে পেশাদারত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।






















