কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ক্ষতি করছে—এমন অভিযোগে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্য। আইওয়া, কানসাস, অ্যারিজোনাসহ আট রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা নিজ নিজ এলাকার আদালতে পৃথকভাবে এসব মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের, বিশেষ করে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের বিপজ্জনক কাজে উৎসাহ দিচ্ছে। এমনকি নিজেকে বা অন্যকে আঘাত করা এবং নির্বিচার বন্দুক হামলার মতো সহিংসতার পরিকল্পনা তৈরিতেও সহায়তা করছে চ্যাটবটটি। ব্যবহারকারীদের সঙ্গে দীর্ঘ সময় সম্পৃক্ত রাখতে প্রযুক্তিটিকে এমনভাবে সাজানো হয়েছে, যাতে এটি মানুষের যেকোনো বিপজ্জনক মনোভাবকে সমর্থন করে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করে।
মামলা দায়েরকারী রাজ্যগুলোর তালিকায় আরকানসাস, আইডাহো, মন্টানা, নেব্রাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়াও রয়েছে। রাজ্যগুলোর অভিযোগ, ওপেনএআই ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে এবং জননিরাপত্তা হুমকিতে ফেলেছে। এর প্রতিকারে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি চ্যাটজিপিটির প্রযুক্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশনা চাওয়া হয়েছে আদালতের কাছে।























