খাদ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান জোরদার করার লক্ষ্যে নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) সরেজমিন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে এই পরীক্ষাগারের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ এবং তা পরীক্ষার পুরো প্রক্রিয়া নিজ চোখে দেখেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ল্যাবটির কারিগরি কার্যক্রম ও মাঠপর্যায়ের ভেজালবিরোধী অভিযান সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন।
কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান যে, বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি জোরদার করা হয়েছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে সরকারের। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় মোট ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। সাধারণ মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে এসব ভ্যানের বাইরে থাকা মনিটরে বিশেষ সচেতনতামূলক ভিডিও প্রচার করা হচ্ছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















