সৌদি আরবের বিমানবন্দরে হামলায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং আহতদের চিকিৎসার বিষয়টি সরাসরি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে। ওই মর্মান্তিক ঘটনায় দুজন প্রবাসী বাংলাদেশী নাগরিক মৃত্যুবরণ করেছেন এবং বেশ কয়েকজন আহত হয়ে সেখানকার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার আহতদের সুচিকিৎসার সার্বিক খোঁজ নিচ্ছ এবং মন্ত্রী ব্যক্তিগতভাবে এক আহত প্রবাসীর পিতার সঙ্গে মুঠোফোনে কথা বলে গভীর সমবেদনা প্রকাশ ও সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন।
বিদ্যমান এই ক্রান্তিকালীন পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দিয়ে মন্ত্রী যেকোনো জরুরি প্রয়াোজনে সরাসরি বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট হটলাইন নম্বরগুলোতে যোগাযোগের আহ্বান জানান।
অন্যদিকে দেশের বিমানবন্দরে প্রবাসীদের বিভিন্ন ধরণের হয়রানি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসীদের যেকোনো ভোগান্তি নিরসনে সরকার সর্বোচ্চ আন্তরিক। বিমানবন্দরে হয়রানি সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ সরাসরি মন্ত্রীর ইমেইল ঠিকানায় (minister.expat@gmail.com) পাঠানোর জন্য ভুক্তভোগীদের অনুরোধ জানান তিনি।
নারায়ণগঞ্জ পরিদর্শনের বিষয়ে মন্ত্রী জানান, শ্রমজীবী নারীদের কর্মপরিবেশ নিরাপদ ও সহজ করতে এবং আবাসন সুবিধা নিশ্চিত করতে মহিলা হোস্টেল ও ৫ শয্যার হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে আগামী ৭ নভেম্বর এই হোস্টেল ও ৫ শয্যার হাসপাতালের সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।






















