ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পর আটক প্রায় তিন হাজার বিক্ষোভকারীকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে সিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব ধ্রুব রাঠীকে এখনো পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই সিজেপি প্রধান অভিজিৎ দীপক ও তাঁর সহযোগীদের আটক করা হয়। আটক নেতাদের মুক্তির দাবিতে এবং সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে সরব হয়েছেন ভারতের বিরোধী দলের শীর্ষ নেতারা। লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
অন্য দিকে ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এই বিক্ষোভের সমালোচনা করে বলা হয়েছে, নিয়মকানুন মেনে দেশ পরিচালিত হবে এবং অননুমোদিত প্রতিবাদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা সফল হবে না। উদ্ভূত পরিস্থিতিতে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মুম্বাই ও অন্যান্য শহরেও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।























