দিল্লিতে কর্মসূচি বানচালের পর মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজিপি)। জামিনে মুক্ত হয়ে দলটির শীর্ষ নেতারা এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, তাদের বেআইনিভাবে আটক করে আইনি অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় সিজিপি নেতারা বলেন, একজন কর্মকর্তাকে সুরক্ষা দিতে পুরো দিল্লিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সরকার জরুরি অবস্থার চিত্র ফুটিয়ে তুলেছে।
সংবাদ সম্মেলনে সিজিপি নেতারা অভিযোগ করেন, তাদের আটক করার পর পরিবার বা আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি বিমানবন্দর থেকেও জোরপূর্বক নামিয়ে আনা হয়েছিল।
বিরোধীদের রাজনৈতিক জোট ‘ইন্ডিয়া’ সরকারের এমন দমনপীড়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট ও রাজপথ—উভয় মাধ্যমেই নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি।























