সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সংঘাত বন্ধ করে সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে রিয়াদের বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ১০ অক্টোবরের ওই হামলায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের জীবন বিপন্ন করে বেসামরিক অবকাঠামোতে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।
হামলার ঘটনায় সৌদি সরকারের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। এ ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে।























