ভারতের তরুণ সমাজকে চলমান বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন কিংবা গণগ্রেপ্তার চালিয়েও এই আন্দোলন থামানো সম্ভব হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী বলেন, সরকার চাইলে হাজার হাজার পুলিশ নামাতে পারে কিংবা বিরোধী নেতাকর্মীদের আটক করতে পারে, কিন্তু আন্দোলনকারীরা কোনো অবস্থাতেই পিছু হটবে না। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে মোদি ও আরএসএসের বিরুদ্ধে লড়াই করার কারণে প্রতিপক্ষের রাজনৈতিক কৌশল সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কংগ্রেসের এই শীর্ষ নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তীব্র রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। বিরোধীদের তৎপরতায় তাদের প্রভাবের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলেও তিনি মন্তব্য করেন।























