ভারতের রাজধানী নয়াদিল্লিতে পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচির আগে বিরোধী রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের আটক এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। তারা দিল্লির বর্তমান পরিস্থিতিকে ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর আরোপিত কঠোর বিধিনিষেধের সঙ্গে তুলনা করেছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে ওই কর্মসূচির আগেই অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন, নেহা বোরা, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণসহ একাধিক রাজনৈতিক নেতা ও বিক্ষোভকারীকে আটক করা হয়। একই সঙ্গে শুক্রবার রাত থেকে টানা ২৪ ঘণ্টার জন্য দিল্লির বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়।
পরিস্থিতির প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ওমর আবদুল্লাহ কটাক্ষ করে লেখেন, কাশ্মীরের অবরুদ্ধতার প্রশাসনিক মডেল এখন দিল্লিতে রপ্তানি করা হয়েছে। অন্যদিকে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি অভিযোগ করেন, জনমত ও প্রতিবাদকে বল প্রয়োগের মাধ্যমে স্তব্ধ করে জোরপূর্বক নীরবতা তৈরি করা হচ্ছে।























