জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ক্রীড়া অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়েছে। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টেবিল টেনিস খেলার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার দেশজুড়ে ফুটবল ও ক্রিকেটের মতো টেবিল টেনিস খেলাকেও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়া ক্ষেত্রে নতুন অধ্যায় সূচনার লক্ষ্যে ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও বিষয়টি যুক্ত হবে এবং বিদ্যালয়গুলোতে নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্ট পড়ানো হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী। এতে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ক্লাবের আবদুস সালাম হলে টেবিল টেনিস দ্বৈত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ৬৪ জন প্রতিযোগী অংশ নেন। এতে আনোয়ার হোসেন চ্যাম্পিয়ন, মাহবুব রেজা রানার্সআপ এবং শামীম হাসান তৃতীয় স্থান অর্জন করেন।

























