উপমহাদেশীয় শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলো পরিচর্যা ও সুরক্ষার অভাবে ধ্বংসের মুখে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে অবস্থিত এই মহান সাধকের পৈতৃক ভিটায় একটি স্মৃতি জাদুঘর বা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার দীর্ঘদিনের দাবিও আজও বাস্তবায়িত হয়নি।
স্থানীয় পর্যায়ে কোনোমতে তার জন্ম ও মৃত্যুদিবস পালন করা হলেও সরকারি বা বৃহৎ পরিসরে কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। তার নিজ হাতে প্রতিষ্ঠিত মসজিদ থেকে শুরু করে ঐতিহাসিক পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষতিগ্রস্ত ও বেদখল হয়ে যাচ্ছে। দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে খ্যাত অঞ্চলের এই মহান ব্যক্তিত্বের স্মৃতি রক্ষায় দ্রুত সরকারি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।






















