কালিয়াকৈর, কোনাবাড়ি ও পুবাইলে পৃথক আগুন—ঝুট ও তুলার গোডাউনসহ তিনটি টিনসেট কলোনি ধ্বংস, কোটি টাকার ক্ষতি
গাজীপুরে পৃথক তিনটি স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘরবাড়ি ও ঝুট-তুলার গোডাউন পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই।
১ ডিসেম্বর ২০২৫:
গাজীপুর জেলা ও মহানগরের তিনটি স্থানে সোমবার সকাল থেকে ভোররাত পর্যন্ত ধারাবাহিক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি ও একাধিক ঝুট ও তুলার গোডাউন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ দিঘির উত্তরপাড় এলাকায় তিনটি টিনসেট কলোনিতে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই শতাধিক রুম পুড়ে যায়। ফায়ার সার্ভিসের চারদফা ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক কোটি টাকা বলে জানায় স্থানীয়রা। ঘটনাস্থলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নজর দীঘি এলাকায় ভোররাতে একটি ঝুট গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি থাকায় গোডাউনের সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে একই দিনে পুবাইলের মাঝুখান এলাকায় আরেকটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, আবাসিক ঝুট ও তুলা গোডাউনের ঘনবসতি এলাকায় নিয়মিত অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
















