প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় বায়ুদূষণ মারাত্মক ও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছানোর কারণে দেশটির কয়েকটি রাজ্য, রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ার সমস্ত স্কুল শুক্রবার বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক অফিসিয়াল পোস্টে শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক এই সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, মালয়েশিয়ার উপদ্বীপাঞ্চলের জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান ও সেলাঙ্গর রাজ্যের পাশাপাশি রাজধানী কুয়ালালামপুর এবং প্রশাসনিক কেন্দ্র পুত্রজায়ার স্কুলগুলোও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাহাং রাজ্যের রমপিন জেলাতেও শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সার্বিক ধোঁয়াশা পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য সব রাজ্য শিক্ষা বিভাগ ও জেলা শিক্ষা কার্যালয়কে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মালয়েশিয়ার নিজস্ব বায়ুদূষণ সূচক (এপিআই) অনুযায়ী, সূচকের মান ১০১ থেকে ২০০ পর্যন্ত হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং তিনশ’র বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়। সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির অন্তত ৩৭টি এলাকায় বায়ুদূষণের মাত্রা সরাসরি অস্বাস্থ্যকর পর্যায়ে রেকর্ড করা হয়েছে। ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বনভূমি ও জমিতে লাগাতার আগুন লাগার ফলে সৃষ্ট ঘন ধোঁয়াশা দ্রুত প্রতিবেশী মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, ধোঁয়াশা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সম্মত হয়েছেন এবং ইন্দোনেশিয়াকে সব ধরনের সহায়তা দিতে মালয়েশিয়া প্রস্তুত রয়েছে। আঞ্চলিক সমন্বয় আরও জোরদার করতে আসিয়ানের সদস্যদেশগুলোর মন্ত্রীদের নিয়ে জরুরি একটি বৈঠক আয়োজনের জন্য তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।























