ইরানের সঙ্গে চলমান সংঘাতে সামরিক ব্যয় এবং ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য যুক্তরাষ্ট্র সরকার গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন।
সিনেটর মারফি জানান, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো স্বচক্ষে পরিদর্শনের আবেদন করলেও তাকে সেই অনুমতি দেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলা হলেও তা মনগড়া বলে দাবি করেন তিনি। অতীতে আফগানিস্তান ও ইরাকের মতো যুদ্ধক্ষেত্র পরিদর্শনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন এই মার্কিন সিনেটর।
তিনি আরও অভিযোগ করেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলো তাকে এ বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক ব্রিফিং দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে পররাষ্ট্র দপ্তরের বিশেষ অনুমতি নিয়ে তিনি পরবর্তীতে ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস এলাকা পরিদর্শন করেন এবং সেখানে ধ্বংসযজ্ঞের ব্যাপকতা দেখতে পান।
মারফি আশঙ্কা প্রকাশ করে বলেন, দূতাবাসটিতে হামলাটি যদি রাতের পরিবর্তে দিনে সংঘটিত হতো, তবে বড় ধরনের প্রাণহানি ঘটে পারত। ইরান সংঘাতে মার্কিন ব্যর্থতা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জনসমক্ষ থেকে আড়াল করতেই প্রতিরক্ষা দপ্তর এমন লুকোচুরি নীতি অবলম্বন করছে বলে মন্তব্য করেন তিনি।























