সিনেমা হলে ২০ রুপি দামের পানির বোতল ৫০ রুপিতে বিক্রির দায়ে এক দশক পর আইনি লড়াইয়ে জয় পেয়েছেন এক ব্যক্তি। সংশ্লিষ্ট মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং পানি প্রস্তুতকারী বহুজাতিক সংস্থাকে ৮৫ হাজার রুপি জরিমানা করেছে বিহারের পাটনার ক্রেতা সুরক্ষা আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ বাবদ ওই ব্যক্তিকে ২৫ হাজার রুপি, আইনি খরচ হিসেবে ১০ হাজার রুপি এবং বাকি ৫০ হাজার রুপি রাজ্য ক্রেতা কল্যাণ তহবিলে জমা দিতে হবে। ৪৫ দিনের মধ্যে এই অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
১৬ বছর আগের অর্থাৎ ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর পাটনার একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। রজত তিওয়ারি নামের ওই ব্যক্তি হলে প্রবেশের সময় নিজের পানির বোতল সঙ্গে রাখতে বাধা পান এবং ভেতরে চড়া দামে পানি কিনতে বাধ্য হন। পরে তিনি এর প্রতিকার চেয়ে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন। মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পানীয় প্রস্তুতকারী সংস্থা নিজেদের দায় এড়াতে চাইলেও আদালত তাদের যুক্তি খারিজ করে দিয়ে এই রায় প্রদান করে।























