হরমুজ প্রণালির দক্ষিণ অংশে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনুমোদিত পথ এড়িয়ে চলা কোনো তেলবাহী ট্যাংকার সমুদ্রের তলদেশে পেতে রাখা মাইনে আঘাত হানার কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ক্ষয়ক্ষতি বা হতাহতের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং ফার্স নিউজ এজেন্সির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। সম্প্রতি ইরান তাদের পূর্বানুমতি ছাড়া নির্দিষ্ট সীমানার বাইরে জাহাজ চলাচল না করার জন্য কড়া সতর্কতা জারি করেছিল।
এদিকে চলমান এই আঞ্চলিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের রাজনীতি ও আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে তেহরানে কোনো সামরিক হামলা চালানো হবে না। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি মার্কিন ভোটারদের মধ্যেও তীব্র অসন্তোষ তৈরি করেছে, যা আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।























