ইসলামিক রিলিফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় গড়ে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি নিহত কিংবা আহত হচ্ছেন। যুক্তরাজ্যভিত্তিক এই দাতব্য সংস্থাটি জানায়, বিগত এক বছরে অন্তত এক হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত ৩২০ জন শিশু রয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী হতাহতের সংখ্যা আরও বেশি। তাদের তথ্যমতে, যুদ্ধবিরতির পর থেকে নিহত হয়েছেন এক হাজার ৪৭১ জন এবং আহত হয়েছেন পাঁচ হাজার ১৮৯ জন। আর সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৭৪ হাজার ২৫৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
সংস্থাটি আরও জানিয়েছে, তথাকথিত ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখা ব্যবহার করে ইসরায়েল ফিলিস্তিনিদের গাজার ৬৫ শতাংশ এলাকা থেকে উচ্ছেদ করেছে। এর ফলে প্রায় ২১ লাখ মানুষ অবশিষ্ট মাত্র ৩৫ শতাংশ এলাকায় চরম মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তাছাড়া, আশ্রয়কেন্দ্রের সামগ্রী, জ্বালানি ও চিকিৎসাসামগ্রী আমদানির ওপর কঠোর বিধিনিষেধ থাকায় অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ রয়েছে এবং বহু গুরুতর অসুস্থ রোগী উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে পারছেন না।























