মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায়ের পর পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ধরতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল-এর মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশ সদর দপ্তর-এর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গত বছরের জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে হত্যা, দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরপরই এই নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, ইন্টারপোলে নোটিশ জারির প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হয়। সংশ্লিষ্ট নথিপত্র, আদালতের রায়ের অনুলিপি, মামলার সারসংক্ষেপ এবং অভিযুক্তদের বিস্তারিত তথ্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাটির কাছে তা পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। রায়ের পর থেকেই দুজনই পলাতক রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের কর্মকর্তারা জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারি হলে বিশ্বের যেকোনো দেশে অবস্থানরত এই দুই আসামিকে শনাক্ত, আটকের উদ্যোগ এবং বাংলাদেশে প্রত্যর্পণের আইনি পথ সুগম হবে।
সরকার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা আরও শক্ত অবস্থানে পৌঁছাবে এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে পলাতক আসামিদের নিরাপদ আশ্রয় পাওয়ার সুযোগ সীমিত হয়ে আসবে।
















