রাজধানীর মোহাম্মদপুরে রাজু আহমেদ হত্যা মামলায় নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল উভয়পক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুর এলাকায় একটি মিছিল দেখার সময় গুলিতে নিহত হন জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ। ওই ঘটনার পর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে সাবেক এমপি রুহীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আজ রিমান্ড শুনানির পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।


























