শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা প্রায় ২১ হাজার কেজি বা ২১ টন ভারতীয় জিরাসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালীর একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে সন্দেহজনক কার্গো বোটটিতে তল্লাশি চালিয়ে ২১ টন জিরা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার সকালে এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত জিরা ও কার্গো বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের অর্থনীতি রক্ষায় এবং যেকোনো ধরনের চোরাচালান প্রতিহত করতে কোস্টগার্ডের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























