রাজধানীর ঐতিহাসিক ধানমন্ডি লেককে নতুন রূপ দান এবং এর পরিবেশগত অবক্ষয় রোধ করে নগরবাসীর জন্য একটি আধুনিক বিনোদন ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার এক সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবীন্দ্র সরোবরের আদলে লেকের পাশে ‘নজরুল সরোবর’ নামের একটি উন্মুক্ত সাংস্কৃতিক চত্বর নির্মাণের এই ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। মঙ্গলবার (৬ অক্টোবর) ধানমন্ডি লেক পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান।
ডিএসসিসি সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রায় ৮৬ একর আয়তনের এই লেকের সার্বিক পুনরুদ্ধার এবং আধুনিকায়নের জন্য মোট ৭৫ কোটি টাকার একটি বিশদ মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে লেক ও অবকাঠামো সংস্কারে ব্যয় করা হবে ৫০ কোটি টাকা এবং ২৫ কোটি টাকা ব্যয় করা হবে ‘নজরুল সরোবর’ (বিদ্রোহী চত্বর) নির্মাণে। বছরের পর বছর জমে থাকা জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট দূর করতে লেকের তলদেশ পরিষ্কারের কাজ শুরু হয়েছে। প্রায় ১ বছর মেয়াদি এই স্লাজমুক্তকরণ প্রকল্পের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী, লেক থেকে প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার কাদা ও বর্জ্য অপসারণ করা হবে এবং প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের কাজে দুটি ভাসমান এক্সেভেটর ও চারটি বার্জ নিয়োজিত রয়েছে।
কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের সংযোগস্থলের প্রায় ৫০.৯৬৭ কাঠা জমির ওপর এই আধুনিক সাংস্কৃতিক পরিসরটি গড়ে তোলা হবে। এখানে কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, জীবন ও সাহিত্যকর্মকে ফুটিয়ে তোলার জন্য একটি উন্মুক্ত অ্যাম্ফিথিয়াটার, গ্রিনরুম, বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন এবং বিশেষ লেকের ঘাট নির্মাণ করা হবে। এছাড়াও কবির পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে রাখার পরিকল্পনা রয়েছে।
ধানমন্ডি লেকের সামগ্রিক অবকাঠামো উন্নত করতে ওয়াকওয়ে সম্প্রসারণ, সাইডওয়াল ও ঢাল সুরক্ষা, আধুনিক নিষ্কাশন ব্যবস্থা এবং উন্নত আলোকসজ্জার কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ক্যামেরা, অ্যানাউন্সমেন্ট সিস্টেম এবং নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে। নগরবাসীর বিনোদন ও সুস্থ জীবনযাপনের সুবিধার্থে ৩টি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি উদ্ভিদের চিকিৎসায় বিশেষায়িত অভিনব ‘ট্রি হাসপাতাল’, নিরাপদ খাবার পানির ব্যবস্থা এবং মানসম্মত জনবান্ধব শৌচাগার স্থাপন করা হবে। লেকের তলদেশ সম্পূর্ণ স্লাজমুক্ত হওয়ার পরপরই মূল সংস্কার ও নজরুল সরোবরের নির্মাণকাজ একযোগে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ডিএসসিসি।






















